করোনা আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ঢাবির ৪ বিভাগের
করোনাভাইরাস আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারটি বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১৫ মার্চ) থেকে তারা এ ঘোষণা দেয়।
এ চারটি বিভাগ হলো, অর্থনীতি বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, মার্কেটিং বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
তবে প্রশাসনিকভাবে ক্লাস-পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানরা। তারা বলেন, শিক্ষার্থীরা ক্লাসে না এলে বাধ্য করা হবে না, একাডেমিক কার্যক্রম চলবে।
এরআগে শনিবার (১৪ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্নভাবে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এসব ঘোষণার কথা জানাচ্ছেন।
মার্কেটিং বিভাগের ২৫তম ব্যাচের ক্লাস প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ শাকিল। জানতে চাইলে তিনি বলেন, আমাদের বিভাগের সবার সঙ্গে কথা বলেছি। মতামত নিয়েছি এবং আলোচনা করেছি সবার সঙ্গে। তাদের মতামত ও আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত আমাদের।
এই বিভাগের আরেক শিক্ষার্থী সোহান জানান, আমাদের সব ব্যাচের একটি গ্রুপ রয়েছে। সেখানে পোল তৈরি করে অধিকাংশ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সারজিস হোসেন বলেন, সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে করোনা সংকটের মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছি। যেদিন মনে হবে পরিস্থিতি এখন স্বাভাবিক সেদিনই আমরা ক্লাসে ফিরব।
অর্থনীতি বিভাগের মোমিনুল বলেন, অনলাইনে জরিপ চালিয়েছিলাম। বিভাগের শিক্ষার্থীরা উন্মুক্ত মত দিয়েছে। সেই মতামতের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছি।
প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন রেজা বলেন, বর্জনের ব্যাপারটি শিক্ষার্থীদের একজন আমাকে কল দিয়ে জানিয়েছে। কয়েকজন শিক্ষকও বলেছে। শিক্ষকদের বলেছি আপনারা ক্লাসে যাবেন। দুএকজন ক্লাস করতে চাইলেও ক্লাস করাবেন। যদি কেউ না আসে তাহলে তো আমাদের জোর করার কিছু নাই। শিক্ষার্থীদের ক্লাসে আসতে বাধ্য করতেও পারি না, আবার ক্লাসও বন্ধ করতে পারি না। কারণ বন্ধ করার ক্ষমতা সিন্ডিকেটের, আমাদের না।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান বলেন, শিক্ষার্থীরা ক্লাসে না এলে সেটা তাদের ব্যাপার। প্রশাসনিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আমাদের কার্যক্রম চলবে।